প্রত্যন্ত গ্রামে হেলিকপ্টারে চড়ে বিয়ে, বর-কনেকে দেখতে ভিড়
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউপির প্রত্যন্ত গ্রাম চিতুলিয়ায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি সুয়াইব আহমেদ। বর-কনেকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।
বর সিলেট বারের আইনজীবী। আর কনে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক।
শনিবার দুপুরে সুয়াইব নিজ গ্রাম থেকে হেলিকপ্টার চড়ে বিয়ে করতে যান বিকেলে কনে নিয়ে বাড়িতে আসেন। কনের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার আগফৌদ নারাইনপুর গ্রামে। সিলেট শহরের চন্ডিপুল কুশিয়ারা কনভেনশন হলে এ বিয়ে হয়।
বরের বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের আহমেদ জানান, চার ভাই ও চার বোনের মধ্যে সুয়াইব সবার ছোট। তাই আদরের ছোট ভাইয়ের বিয়েকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টার করে বরযাত্রা ও কনে নিয়ে আসার আয়োজন করা হয়। ঢাকা থেকে ভাড়া করে হেলিকপ্টার আনা হয়।
চিতুলিয়া গ্রামের বাসিন্দা সৈয়দপুর শাহারপাড়া ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে হেলিকপ্টারে চড়ে বিয়ে আয়োজনে লোকজনের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়। অনেকেই হেলিকপ্টার ও বর-কনেকে দেখতে ভিড় জমান। এ সময় গ্রামবাসীর মধ্যে কিছুটা আনন্দ ও কৌতুহল দেখা যায়।
জগন্নাথপুর থানার এসআই রাজিব রহমান জানান, হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছিলো। কৌতুহলী ও উৎসুক মানুষের ভিড় সামলাতে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করে।