ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাৎ, প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫০, ১৩ নভেম্বর ২০২০
ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাৎ, প্রতারক আটক
আটক প্রতারক

ভুয়া এনজিও ও মানবাধিকার প্রতিষ্ঠান খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইদুজ্জামান নুর ওরফে রাকিব (৪১) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাব। নুর ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও নুর পোভার্টি এলিভিয়েশন এন্ড হিউম্যান রাইটস সোসাইটি নামে অফিস খুলে প্রতারণা করে আসছিলো ওই প্রতারক।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নিউ চাষাড়া জামতলা ধোপাপট্টি এলাকায় থেকে তাকে আটক করা হয়। শুক্রবার র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য জানান।উদ্ধার করা অস্ত্র ও প্রতারণার কাজে ব্যবহৃত মালামাল

আটকের সময় তার কাছ থেকে ১টি পিস্তল (আগ্নেয়াস্ত্র সদৃশ), ২ রাউন্ড পিস্তলের গুলি, ১টি সিলভার রংয়ের ম্যাগাজিন, ১টি কালো রংয়ের পিস্তল কাভার, ১টি ডিজিটাল লকার বক্স, প্রতারণার কাজে ব্যবহৃত ১ পাতা মূল সদস্যদের অর্থ প্রদানের তথ্যাবলী, ৫টি মানি রিসিপ্ট বই, প্রতারণার কাজে ব্যবহৃত সিল ৮টি, ভুয়া পদক ৫টি, ভুয়া সিল যুক্ত খাম ২৭টি, নুর দরিদ্র বিমোচন ও মানবাধিকার সংগঠনের ১০টি অঙ্গীকারনামা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নিউ চাষাড়া জামতলা ধোপাপট্টি এলাকায় ভাড়া করা ভবনের ছাদে ভুয়া এনজিও ও মানবাধিকার প্রতিষ্ঠানের অফিস খোলে। সে কথিত ওই দুই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এছাড়া সে দৈনিক মানবতার আলো ও নিউজ ডাইজেস্ট ওয়ার্ল্ড নামক দুটি বাংলা ও ইংরেজি পত্রিকার স্বঘোষিত সম্পাদক।

তিনি জানান, তার শিক্ষাগত যোগ্যতা মাত্র এসএসসি পাশ হলেও নিজেকে সে সবসময় উচ্চ শিক্ষিত প্রমাণ করার জন্য বিভিন্ন ধরনের প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল। সুসজ্জিত অফিস কক্ষে সে তার নিজের ও প্রতিষ্ঠানের নামে অর্জিত বিভিন্ন নামকরা পদকসহ জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার পাওয়ার ভুয়া স্মারক ও জাল সার্টিফিকেট সাজিয়ে রেখে লোকজনকে আকৃষ্ট করতো।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার আরো জানান, গ্রেফতারকৃত আসামি বিভিন্ন ভুয়া নথিপত্র প্রদর্শন করে ফাঁদে ফেলে শতাধিক ব্যক্তির কাছ থেকে এখন পর্যন্ত কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!