কুড়িগ্রামে ভিমরুলের কামড়ে প্রাণ গেল ব্যবসায়ীর
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভিমরুলের কামড়ে হযরত আলী নামে এক মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হযরত আলী উপজেলার ধরনীবাড়ী ইউপির দক্ষিণ মধুপুর জঙ্গলপাড়া গ্রামের ঢেপা শেখের ছেলে।
জানা গেছে, গত শনিবার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একদল যুবক ফুটবল খেলার সময় বলের আঘাতে ভিমরুলে চাক ভেঙে যায়। এ সময় পথচারী হযরত আলীকে ভিমরুলের দল আক্রমণ করে। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
টানা পাঁচদিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি গত বুধবার বাড়ি ফিরে আসেন। এর একদিন পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার বিকেলে তিনি মারা যান।
ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।