ঢাকা,  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খাবারের সন্ধানে বেরিয়ে প্রাণ গেল হাতির

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৩, ১৭ অক্টোবর ২০২০
খাবারের সন্ধানে বেরিয়ে প্রাণ গেল হাতির
ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলায় গারো পাহাড়ের বালিজুরি রাঙাজান গ্রামের বাহাজের টিলায় খাবারের সন্ধানে বেরিয়ে এক হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই হাতিটি মারা যায়।  

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় একপাল হাতি খাবারের সন্ধানে বাহাজের টিলায় আসে। পরে ওই দল থেকে হাতিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভোরে জঙ্গলে হাতিটির মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে শুক্রবার সকালে ওই মৃত হাতিটিকে দেখতে যান ইউএনও নিলুফা আক্তার।

উপজেলা প্রাণী সম্পদ অধিদফতরের ভেটেরিনারি সার্জন ডা. মেহেদী হাসান বলেন, হাতিটির বয়স প্রায় ৪০ বছর। দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। মাদি জাতের হাতি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত খাবারে হাতিটির মৃত্যু হয়েছে।

তিনি বলেন, দুই দিন আগে হাতিটি মারা গেছে। তাই ল্যাবে পরীক্ষায়ও মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্ভব না। পরে মৃত হাতিটি সেখানেই গর্ত করে মাটিচাপা দেয়া হয়।

এ সময় বালিজুরি রেঞ্জ অফিসার রবিউল ইসলাম, বন ও পরিবেশ অধিদফতরের ওয়াইল্ড রেঞ্জার আব্দুলাহ আল আমিন, ইউপি চেয়ারম্যান মাসুদ রানাসহ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!