জেল থেকে বেরিয়ে দাদি-নাতনির গায়ে অ্যাসিড ছুড়ল যুবক
নাটোরের বড়াইগ্রামে একটি মামলায় জেল থেকে জামিনে বেরিয়ে দাদি শেফালী দাস ও নাতনি স্মৃতি দাসের গায়ে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে অনিল কুমার দাস নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় অনিল কুমার দাস ও আইয়ুব আলীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন শেফালী দাস।
জানা গেছে, এক বছর আগে শেফালী দাসের মেয়ে উমা দাসকে উত্যক্ত করায় অনিল কুমারের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় জেলে যাওয়ার পর অনিল সম্প্রতি জামিন পেয়ে বিভিন্নভাবে শেফালী দাসকে হুমকি দিচ্ছিল। সোমবার রাতে ঘরের এক খাটে শেফালী-স্মৃতি ও অন্য খাটে উমা দাস ঘুমিয়েছিলেন। রাত তিনটার দিকে জানালা দিয়ে দুর্বৃত্তরা অ্যাসিড ছুড়ে মারে। এতে দাদি ও নাতনির পা, পিঠসহ শরীরের অনেক অংশ পুড়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশিরা এসে তাদের উদ্ধার করে বনপাড়ায় এক ক্লিনিকে ভর্তি করে।
শুক্রবার বিকেলে নাটোরের এসপি লিটন কুমার দাস, এডিশনাল এসপি (বড়াইগ্রাম সার্কেল) হারুন-অর-রশিদ, বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস, বনপাড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলাম, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
.png)
অভিযুক্ত অনিল কুমার দাস বলেন, উমা দাস আমার ভাতিজি হয়। জেল থেকে ফিরে এসে তার সঙ্গে কথা বলি না কারণ একবার শাসন করতে গিয়ে উল্টো বিপদে পড়েছি। আর এসিডের ঘটনায় আমি কিছু জানি না।
ভুক্তভোগী শেফালী দাস বলেন, অনিল আমাদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছিল। কথা না শোনায় আমাকে ও আমার নাতনিকে অ্যাসিড মেরেছে।
বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস জানান, অভিযোগ আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।