নবীনগরে দুই বছর আটমাসে ইউএনও বদলি, ওসি ৮০ দিনেই!
দুই বছর আটমাস পর বদলি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ইউএনও মোহাম্মদ মাসুম। অপরদিকে যোগদানের ৮০ দিন পর বদলি হয়েছেন ওসি প্রভাষ চন্দ্র ধর।
বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক আদেশে মোহাম্মদ মাসুমকে লক্ষ্মীপুর সদর উপজেলার ইউএনও হিসেবে বদলির আদেশ দেন।
এদিকে নবীনগরে নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন একরামুল সিদ্দিক। তিনি এরআগে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন।
আরো পড়ুন: সিলেটে ৫০ বছরের পুরনো কবর থেকে বেরোচ্ছে সুগন্ধি বাতাস
মোহাম্মদ মাসুম ২০১৮ সালের ২৫ জানুয়ারি নবীনগরের ইউএনও হিসেবে যোগদান করেছিলেন। এ বিষয়ে মোহাম্মদ মাসুম বলেন, ২০১৮ সালের জানুয়ারি মাসে নবীনগর উপজেলায় যোগদান করার পর থেকে নবীনগরের সব পেশার মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি বলেই দীর্ঘ সময় এই উপজেলায় আমার কাজ করার সুযোগ তৈরি হয়েছিলো।
এদিকে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সদর দফতরের এক আদেশে নবীনগরের ওসি প্রভাষ চন্দ্র ধরকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি করা হয়েছে। এতে উল্লেখ্য করা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশনের এক চিঠির পরিপ্রেক্ষিতে সম্মতিক্রমে ওসি প্রভাষ চন্দ্র ধরকে বদলি করা হয়েছে।
এরআগে প্রভাস চন্দ্র ধর ৫ জুলাই নবীনগর থানায় যোগদান করার ৮০ দিন পরই তিনি বদলি হলেন। ২৫ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেয়া হয়েছে। নতুবা ২৬ সেপ্টেম্বর থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
আরো পড়ুন: এতটুকু মেয়ের বড় কষ্ট, চিকিৎসায় নিঃস্ব পরিবার
এ বিষয়ে ওসি প্রভাস চন্দ্র ধর বলেন, সরকারি চাকরি মানেই বদলি, তবে হঠাৎ করে কি কারণে বদলি হয়েছি কিছুই বুঝতে পারছি না।
বৃহস্পতিবার বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত নবীনগর থানায় প্রভাষের স্থলে কাউকে স্থলাভিষিক্ত করা হয়নি।