জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা ফসলি জমি
যত্রতত্র পুকুর খনন করার ফলে ও ব্রিজ-কালভার্টের মুখ বন্ধ হওয়ার কারণে সিরাজগঞ্জের তাড়াশে জলাবদ্ধতায় কয়েক হাজার বিঘা ফসলি জমি অনাবাদি থাকছে।
উপজেলার তাড়াশ সদর ইউপির মাধবপুর, শ্রীকৃঞ্চপুর ও বোয়ালিয়া মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কয়েক হাজার বিঘা জমি এখন ধান আবাদে অনিশ্চিত হয়ে পড়েছে।
এভাবে কৃষকেরা প্রতি বছর ক্ষতিগ্রস্ত হওয়ায় একপর্যায়ে আমনের আবাদ ছেড়ে দেন। পরবর্তীতে তারা পাটের আবাদও ছেড়ে দেন। সর্বশেষ শুধু একটিমাত্র বোরো ধান আবাদ করা হয়। কিন্তু বৃষ্টি হলে সেই ধানও হাঁটু পানির মধ্যে কাটতে হয়। এতে করে তিন ফসলি জমি এখন এক ফসলে পরিণত হয়েছে। পানি জমে থাকায় জমিতে কচুরি পানার স্তুপ জন্মেছে। বর্তমানে স্থানীয়রা এ মাঠে মাছ শিকার করেন।
স্থানীয় মাধবপুর গ্রামের কৃষক মুনসুর উদ্দিন বলেন, গ্রামের চারপাশে ব্রিজ ও কালর্ভাটের মুখ বন্ধ করে মাটি ভরাট করে দিয়ে এলাকার কিছু প্রভাবশালীরা শতশত বিঘা জমি কেটে পুকুর খনন করেছে। এতে করে মাধবপুর, বোয়ালিয়া ও শ্রীকৃঞ্চপুর মাঠের পানি বের হয়ে বিলে যেতে পারে না। পানি বের হয়ে যাওয়ার বিকল্প কোনো পথ না থাকায় মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
কৃষক সুলতান মাহমুদ বলেন, এই মাঠে ১০ বছর আগেও বোরো, আমন ও পাট চাষ করা হতো। কিন্তু জলাবদ্ধতা কারণে এখন শুধু বোরো চাষ করা হয়। অন্য কোনো ফসল আবাদ করা সম্ভব হয় না।
তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন নাহার লুনা বলেন, মাঠটি পরিদর্শন করে স্থানীয় জনসাধারণের সহযোগিতার মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণে পদক্ষেপ নেয়া হবে।