ভূজপুর থানার ওসিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা
বন্দুকযুদ্ধে হেলাল উদ্দিন নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ওসিসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। নিহত হেলাল একই এলাকার জাফর আলমের ছেলে।
হেলাল উদ্দিনের স্ত্রী শারমীন আক্তার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খন্দকার কৌশিক আহমেদের আদালতে গত বুধবার মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে হাটহাজারী সার্কেল অফিসারকে তদন্তের জন্য নির্দেশ দেন।
এ মামলায় আসামি করা হয়েছে ভূজপুর থানার ওসি শেখ মো. আবদুল্লাহ, এসআই শাহাদাত হোসেন, এসএই রাশেদুল হাসান, এএসআই কল্পরঞ্জন চাকমা ও কসাই আবদুল মান্নানকে।
অভিযোগে জানা যায়, গত ২৩ মে রাত ২টার দিকে ফটিকছড়ির ভূজপুরে দুই স্কুল ছাত্রীকে অপহরণ করে জঙ্গলে নিয়ে দুর্বৃত্তরা ধর্ষণ করে। ওই মামলায় হেলালসহ কয়েকজনকে আসামি করা হয়।

নিহত হেলালের স্ত্রী শারমিন আক্তার বলেন, ওইদিন রাতে কসাই মন্নান হেলালকে ডেকে পুলিশের হাতে তুলে দেয়। রাতেই আমার স্বামীকে বন্দুকযুদ্ধের মাধ্যমে হত্যা করা হয়। আমার স্বামী ধর্ষণ ঘটনার সঙ্গে জড়িত ছিল না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই।
মামলার বিষয়ে জানতে চাইলে ভূজপুর থানার ওসি শেখ মো. আবদুল্লাহ বলেন, ধর্ষণ মামলার আসামি হেলালকে গ্রেফতার করতে গেলে আঁধার মানিক এলাকায় পুলিশের গুলিতে সে মারা যায়। মামলার কথা শুনিনি। যে কেউ আইনের আশ্রয় নিতে পারে। আইনগতভাবে বিষয়টি দেখা হবে।