[ দেশজুড়ে ]
খুন করে প্রকাশ্যে ঘুরছে আসামিরা!
হত্যা মামলার চার আসামি। ছবি: সংগৃহীত
টাঙ্গাইল শহরের ভাল্লুককান্দি এয়ারপোর্ট এলাকায় ভাগনেকে বাঁচাতে গিয়ে মামা খুন হওয়ার ঘটনায় ধরাছোঁয়ার বাইরে রয়েছে হত্যাকারীরা। এ ঘটনায় মামলা করার দেড় মাসে মাত্র তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা গ্রেফতার না হওয়ায় আতঙ্কে দিন কাটছে বাদী ও তার পরিবারের।
জানা গেছে, পূর্বশত্রুতার জেরে ১৯ জুলাই সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে কবির নামে এক কিশোরের ওপর হামলা চালানো হয়। হামলায় কবির আহত হয়। তাকে বাঁচাতে গিয়ে আহত হন মামা মো. মনির হোসেন ও লিটন মিয়া। তাদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয় লিটন মিয়ার। ওই ঘটনায় একই এলাকার তুষার, তুহিন, লুৎফর, ইয়াসিন, সিয়াম, জাহিদুল, রাতুল মিয়া, দোলনসহ ৮ জনের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন মো. মনির হোসেন। তাদের মধ্যে তুষার, সিয়াম আর দোলন গ্রেফতার হয়েছে।
মামলার বাদী মো. মনির হোসেন বলেন, দেড় মাস অতিবাহিত হচ্ছে। মাত্র তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছে। আমাকে ও পরিবারের বাকিদের নানাভাবে হুমকি দিচ্ছে।
টাঙ্গাইল মডেল থানার এসআই মো. নাসির উদ্দিন বলেন, এরইমধ্যে আমরা তিনজনকে গ্রেফতার করেছি। বাকিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!