মাথায় দুই কেজি টিউমার নিয়ে ঘুরছেন নাজমুল
মো. নাজমুল ইসলাম। বয়স ১৬ বছর। জন্মের পর তার মাথায় ছোট্ট একটি টিউমার দেখা দেয়। বয়সের সঙ্গে সঙ্গে টিউমারটি বাড়তে থাকে। বর্তমানে যার ওজন প্রায় দুই কেজি। আর এ টিউমার নিয়েই চলাফেরা করছেন নাজমুল।
নাজমুলের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ইউপির শুকুন্দী ঝালখালী গ্রামে। টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছেন না দিনমজুর বাবা।
আরো পড়ুন: কনস্টেবল আব্দুল্লাহর জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
মাথার সমান প্রায় দুই কেজি ওজনের টিউমার নিয়ে চলাফেরা করতে নাজমুলের অনেক কষ্ট হয়। টিউমারটি তার মাথায় অস্বাভাবিক আকার ধারণ করছে। সম্প্রতি নাজমুলকে ঢাকার একটি হাসপাতালে নেন স্বজনরা। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করার পরামর্শ দেন চিকিৎসকরা। আর এজন্য প্রায় দুই লাখ টাকা লাগবে বলে জানানো হয়েছে। এত টাকা জোগাড় করা দিনমজুর বাবার পক্ষে সম্ভব নয়।
চার সদস্যের পরিবারে দুই ভাইয়ের মধ্যে নাজমুল বড়। বাবা জামাল মিয়া স্থানীয় রাইস মিলে দিনমজুর হিসেবে কাজ করেন। তাই ছেলের চিকিৎসার জন্য বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা- নাজমুলের চাচাতো ভাই, যোগাযোগ ও বিকাশ: ০১৭৯৯-২৭৪১৬০ (পারসোনাল)।