অভিনেতা সাব্বিরের প্রতারণা মামলায় যুবক গ্রেফতার
অভিনেতা সাব্বিরের প্রতারণা ও চেক জালিয়াতির মামলায় খান জামিলুর রহমান সোহেল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে সোহেলকে মাগুরার শহরের দোয়ারপাড় এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
সোহেল শহরের দোয়ারপাড় এলাকার খান হাফিজুর রহমানের ছেলে। চলচ্চিত্র অভিনেতা সাব্বির এর দায়ের করা প্রতারণা ও দুটি চেক জালিয়াতির মামলায় ঢাকার একটি আদালত সোহেলকে ৫ মাসের কারাদণ্ডের আদেশ দেন।
.png)
পুলিশ সূত্রে জানা যায়, সোহেল একজন প্রতারক। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জনকে দেশে বিদেশে চাকরি দেয়ার নামে প্রতারণা করে আসছিল। এরই ধারাবাহিকতায় অভিনেতা সাব্বির আহমেদকে নানাভাবে প্রতারণার ফাঁদে ফেলেন।
প্রতারক সোহেল অভিনেতা সাব্বিরের কাছে ব্যবসার জন্য ৬ লাখ টাকা চায়। সাব্বির সোহেলকে ২০১৩ সালে ৬ লাখ টাকা দেয়। এ সময় তিনি সাব্বির আহমেদকে ২টি চেক দেন। কিছুদিন পর সোহেলের প্রতারক চেহারা বুঝতে পেরে সাব্বির তার কাছে টাকা ফেরত চান।
সাব্বির ৬ লাখ টাকার চেক উল্লেখিত ব্যাংকে গিয়ে দেখেন সোহেল এর ব্যাংক হিসাবে কোনো টাকা নেই। চেক ডিজঅনার হয়। ২০১৬ সালে সাব্বির বাদী হয়ে ঢাকা জর্জ কোর্ট আদালতে খান জামিলুর রহমান সোহেল এর নামে চেক জালিয়াতির মামলা করেন।
এ দুটি চেক প্রতারণার মামলায় আদালত সোহেলকে ৫ মাসের সাজা দেন। এ মামলায় বুধবার রাতে সোহেলকে তার নিজ বাড়ি দোয়ারপাড় সাহাপাড়া থেকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।