শ্বশুরবাড়িতে জামাতার ঝুলন্ত লাশ
শেরপুরের নালিতাবাড়ীতে শ্বশুরবাড়ি থেকে এক জামাতার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোবারক হোসেন। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন। সোমবার দুপুরে উপজেলার নিচপাড়া গ্রাম থেকে ওই জামাতার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামের মোবারক একই উপজেলার রূপ নারায়ণকুড়া ইউপির নিচপাড়া গ্রামের আবু হানিফের মেয়ে সুরাইয়াকে সাত বছর আগে বিয়ে করেন। মোবারক এক সময় ঢাকায় কাঠমিস্ত্রী এবং তার স্ত্রী সুরাইয়া পোশাক শ্রমিকের কাজ করতেন। কিছুদিন আগে এ দম্পতি নিজ বাড়িতে ফিরে আসেন।
গত রোববার রাতে মোবারক আন্ধারিয়াগোপ থেকে শ্বশুরবাড়িতে যান। তিনি নিজেই মিস্ত্রি হওয়ায় শ্বশুরের নতুন ঘর নির্মাণের কাজ করছিলেন। সোমবার সকালে নির্মাণাধীন ওই ঘরে মোবারকের ঝুলন্ত লাশ দেখতে পান শ্বশুরবাড়ির লোকজন। পরে খবর পেয়ে সোমবার দুপুরে থানা লাশ উদ্ধার করে পুলিশ। এরপর সন্ধ্যায় লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্তের পর মোবারকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওসি বছির আহমেদ বাদল। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।