৯৯৯-এ কল, শিশু গৃহকর্মী নির্যাতনের দায়ে স্বামীসহ শাবি শিক্ষিকা গ্রেফতার
নয় বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী খান জানান, সুরমা আবাসিক এলাকার একটি বাসায় শিশুটির উপর নির্যাতন হচ্ছে এমন খবর ৯৯৯ কল করে জানায় স্থানীয়রা। পরে কোতোয়ালী পুলিশ সেখানে যায়। সেখানে গিয়ে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় গৃহকর্তী শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন ও তার স্বামী মাহমুদুল কাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
খবর পেয়ে শিশুটির বাবা আবুল কাসেম রাতেই কিশোরগঞ্জ থেকে সিলেটে এসে অভিযুক্ত দুই জনের নামে কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে তাদের গ্রেফতার দেখায় পুলিশ।
এসময় শিশুটির বাবা আবুল কাশেম জানান, সাবিনা তার মেয়েকে পড়াশুনা করানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে আসে। ১৩ মাস ধরে সে এখানে আছে।মেয়ের কাছে নির্যাতনের বর্ণনা শুনে তিনি চমকে গেছেন। প্রতিদিন তাকে নির্যাতন করতো, খাবার দিতো না।
বৃহস্পতিবার সকালে তাকে পাইপ দিয়ে পিটিয়েছে তারা। তার হাত ভেঙে দিয়েছে। সারা শরীরে আঘাতের চিহ্ন। চুলের গোড়ায় ঘাঁ হয়ে গেছে তাদের নির্যাতনে।