প্রতিপক্ষকে ফাঁসাতে ছেলেকে লুকিয়ে রাখলেন বাবা
হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে নিজের ছেলেকে লুকিয়ে অপহরণের নাটক সাজালেন ওয়াহিদ মিয়া নামে এক বাবা।
অবশেষে দীর্ঘ পুলিশি তদন্তে বের হয়ে আসে সে চাঞ্চল্যকর কাহিনি। উদ্ধার করা হয়েছে লুকিয়ে রাখা ১১ বছরের ছেলে তোফাজ্জুল ইসলামকে।
শনিবার দুপুরে উদ্ধার হওয়া ছেলেকে জবানবন্দি দেয়ার জন্য পাঠানো হয়েছে আদালতে। নিজের ছেলেকে দিয়ে অপহরণ নাটক সাজানো সে বাবা ওয়াহিদ মিয়া ঘটনা ফাঁস হওয়ার পর গা ঢাকা দিয়েছেন। প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে সে এখন নিজেই ফেঁসে গেছেন।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, গত ৩০ জানুয়ারি উপজেলার বাগিয়ারগাঁও গ্রামে ওয়াহিদ মিয়া তার ছেলে তোফাজ্জুল ইসলামকে একই গ্রামের রমিজ আলীর লোকজন অপহরণ করেছে উল্লেখ করে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে আদালত অভিযোগটি আমলে নিয়ে নিয়ে চুনারুঘাট থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেয়। এর পর থেকেই মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে আসছিল পুলিশ।
ওসি জানান, তদন্তের একপর্যায়ে অপহৃতের বাবা নিজেই ছেলেকে লুকিয়ে রেখেছে এমন বিষয়টি সামনে আসলে তাকে উদ্ধারে বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। অবশেষে শুক্রবার রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া-মাওয়া এলাকার এমএম স্পিনিং মিল থেকে তাকে উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, তোফাজ্জুল গত ৬ মাস ধরে ওই মিলে শ্রমিকের কাজ করছিল। তার বাবা তাকে নিজেই লুকিয়ে রেখে মামলা করেন। তাই পুলিশি হয়রানিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে তার বাবার বিরুদ্ধে। দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।