দেশে এই প্রথম ১০ ফুট লম্বা চিচিঙ্গা চাষ
খুলনার পাইকগাছায় ভারত থেকে বীজ এনে লম্বা চিচিঙ্গা চাষ করেছেন কয়েকজন কৃষক। এতে ভাল ফলনও পেয়েছেন তারা। প্রতিটি চিচিঙ্গা লম্বায় ৯ থেকে ১০ ফুট, ওজন তিন থেকে চার কেজি।
দেশে এই প্রথম এত লম্বা চিচিঙ্গা চাষ করেছেন পাইকগাছা পৌরসভার সরল গ্রামের কৃষকরা। এ চিচিঙ্গা দেখতে বিভিন্ন স্থান থেকে আসছে মানুষ। চিচিঙ্গার এ চাষ ব্যবস্থার সার্বিক মনিটরিং করছে উপজেলা কৃষি বিভাগ।
কৃষি অফিস জানায়, চিচিঙ্গা মূলত এক ধরনের সবজি। বছরের বেশিরভাগ সময় এ সবজি পাওয়া যায়। চিচিঙ্গায় সবুজ রঙের মাঝে সাদা লম্বা দাগ রয়েছে। চিচিঙ্গার প্রচুর স্বাস্থ্যগুণ রয়েছে। এতে আঁশ, সামান্য ক্যালরি এবং প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি ও খনিজ রয়েছে। একটি চিচিঙ্গার ৯৫ শতাংশই পানি। এছাড়া ৩.২-৩.৭ গ্রাম শর্করা, ০.৪-০.৭ গ্রাম আমিষ, ৩৫-৪০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ০.৫-০.৭ মিলিগ্রাম লৌহ।
.png)
সরল গ্রামের কৃষক নিলু সরদার বলেন, ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে ১২-১৩ ফুট লম্বা চিচিঙ্গা দেখে কিছু বীজ নিয়ে আসি। এরপর ছোট পরিসরে চাষ শুরু করি। বর্তমানে প্রতিটি চিচিঙ্গা ৯ থেকে ১০ ফুট লম্বা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর খুলনার উপ-পরিচালক মো. হাফিজুর রহমান, কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা কৃষি অফিসার এ.এইচ.এম জাহাঙ্গীর আলম, ডুমুরিয়ার কৃষি অফিসার মোসাদ্দেক হোসেন, কয়রার কৃষি অফিসার মিজান মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত মণ্ডল ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায় চিচিঙ্গার জমি পরিদর্শন করেছেন।
উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম বলেন, ভারত থেকে বীজ এনে পৌরসভার সরল এলাকার সিআইজি গ্রুপের ১০ জন কৃষক এ বছর প্রাথমিকভাবে চিচিঙ্গা চাষ শুরু করেছেন। শুরু থেকেই উপজেলা কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগিতা করছে। ফলন ভাল হওয়ায় দেশে লম্বা চিচিঙ্গার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ চিচিঙ্গার চাষ সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের বীজ সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছে।