হাঙ্গর মেরে তেল উৎপাদন, আটক তিন
চট্টগ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে উৎপাদনকৃত তিন হাজার ৬শ’ লিটার হাঙ্গর মাছের তেলসহ তিনজনকে আটক করেছে র্যাব। এ সময় তেল পরিবহনে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে নগরীর কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন- কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর, ডেইল এলাকার জাবের আহমদের ছেলে মোহাম্মদ রাশেদ, কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল এলাকার কাজী রমিজ উদ্দিনের ছেলে কাজী সোয়েল এবং একই উপজেলার সাতমোড়া এলাকার আবুল কালামের ছেলে মোহাম্মদ সাগর।
রোববার দুপুরে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অবৈধভাবে উৎপাদন করা বিপুল পরিমাণ হাঙ্গর মাছের তেল ট্রাকযোগে কক্সবাজার থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছে- এমন খবরে সিনেমা প্যালেস এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে চেকপোস্টের কাছাকাছি এসে একটি ট্রাক থেকে চারজন নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে আটক করা হয় ও মোহাম্মদ কাদের নামে একজন পালিয়ে যায়। পরে ট্রাকে থাকা ১৮টি ব্যারেল থেকে তিন হাজার ৬শ’ লিটার তেল ও ট্রাকটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তেলের মূল্য আনুমানিক ২১ লাখ ৬০ হাজার টাকা।
এএসপি মামুন আরো জানান, জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে পলাতক আসামি কাদেরের সহযোগিতায় বিপন্ন প্রজাতির সামুদ্রিক হাঙ্গর মাছ হত্যা করে সংগ্রহের পর প্রক্রিয়াজাতের মাধ্যমে অবৈধভাবে তেল উৎপাদন করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে বলে জানিয়েছেন। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত তেলসহ তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।