ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বর্ণালংকার-টাকা সাবধানে রাখতে বলে হাতিয়ে নিলেন নিজেই

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫২, ১৮ জুলাই ২০২০
স্বর্ণালংকার-টাকা সাবধানে রাখতে বলে হাতিয়ে নিলেন নিজেই
ছবি: ডেইলি বাংলাদেশ

স্বর্ণালংকার ও টাকা সাবধানে রাখতে বলে কৌশলে হাতিয়ে নিয়ে চম্পট। অভিযোগ পেয়ে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারের পাশাপাশি মোহাম্মদ সোলায়মান নামে একজনকে গ্রেফতার করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার রাতে পুরাতন রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোহাম্মদ সোলায়মান বাগেরহাটের শরণখোলা উপজেলার চালরান্দ্যা এলাকার জমাদ্দার বাড়ীর আবুল বশর জমাদ্দারের ছেলে।

শনিবার সন্ধ্যায় কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন এ তথ্য জানিয়েছেন।

Advertisement

তিনি জানান, শুক্রবার বিকেলে টিকিটের জন্য রেলস্টেশনে যান চাঁদপুরের বাসিন্দা তপু মিয়া। টিকিট না পেয়ে স্টেশন থেকে বেরিয়ে করছিলেন গাড়ির অপেক্ষা। একপর্যায়ে তার কাছে এসে সহযোগিতার ভান করে কথা বলা শুরু করেন সোলায়মান। রেলস্টেশন এলাকায় পকেটমার ও চোরের উৎপাতের কথা জানিয়ে কৌশলে জেনে নেন তপু মিয়ার ব্যাগে থাকা স্বর্ণালংকার ও টাকার কথা। 

ওসি জানান, সোলায়মানের উপদেশমূলক কথা শুনে ভরসা অনুভব করে তার সঙ্গে মিশে যান তপু মিয়া। আর সেই সুযোগ কাজে লাগিয়ে এবার স্বর্ণালংকার ও টাকা আলাদা কাগজে মুড়িয়ে রাখার পরামর্শ দেন সোলায়মান। তপু মিয়ার সম্মতিতে সেই কাজটি করেন নিজেই। এরপর গাড়ি আনার নাম করে সেখান থেকে সটকে পড়েন। এ সময় তার সঙ্গে বাহাদুর নামে আরো একজন ছিলেন। 

ওসি মহসীন জানান, দীর্ঘক্ষণ অপেক্ষার পর তারা গাড়ি নিয়ে না আসায় এবার সন্দেহ হয় তপু মিয়ার। ব্যাগ খুলে চেক করতেই যেন মাথায় বাজ পড়লো তার। ব্যাগে স্বর্ণালংকার ও টাকার পরিবর্তে দেখতে পান কাগজে মোড়ানো কতগুলো পত্রিকার ছেঁড়া টুকরো। এরপর বিষয়টি পুলিশকে জানালে অভিযান চালিয়ে তাকে সোলায়মানকে গ্রেফতার ও চুরি হওয়া এক ভরি সাত আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। বাহাদুরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!