নকল ডিটারজেন্ট তৈরির দায়ে জরিমানা, ৩ জনের কারাদণ্ড
হবিগঞ্জ শহরের ধুলিয়াখাল এলাকায় একটি নকল ডিটারজেন্ট কারখানার সন্ধান পেয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। পরে ওই কারখানাটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ডিটারজেন্ট, ভেজাল সরিষা তেল ও নিম্নমানের চা-পাতা জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় কারখানাটির সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত ধুলিয়াখাল এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাশফিকা হোসেন, এনএসআই হবিগঞ্জ ইউনিটের উপ-পরিচালক মো. আজমুল হোসেন ও এসআই শাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ।
এনএসআই হবিগঞ্জ ইউনিটের উপ-পরিচালক মো. আজমুল হোসেন জানান, এনএসআই দীর্ঘদিন ধরে ওই নকল কারখানাটিতে নজর রাখছিল। এক পর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন ও সদর থানা পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আটক করা হয় বাড়ির মালিকসহ ৩ জনকে। পরে আটকৃতদের মধ্যে বাড়ির মালিক শহরের শায়েস্তানগর এলাকার আব্দুল গফুরের পুত্র মাসুক মিয়াকে ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, ধুলিয়াখাল এলাকার ছালেক মিয়ার পুত্র হারুণ মিয়াকে ৬ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং একই এলাকার ফিরোজ মিয়ার পুত্র মিজানুর রহমানকে ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এনএসআই’র ওই কর্মকর্তা।