খুলনার পাটকল শ্রমিকরা পেল জুনের বকেয়া মজুরি
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন ও বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন খুলনার আটটি পাটকলের শ্রমিকদের জুন মাসের চার সপ্তাহের মজুরি দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেল থেকে শ্রমিকরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মজুরি তোলা শুরু করেছে বলে জানিয়েছেন প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন।
প্লাটিনাম জুট মিলের প্রকল্প প্রধান মো. গোলাম রব্বানী জানান, জুন মাসের চার সপ্তাহের মজুরির বাবদ তার মিলের শ্রমিকদের ছয় কোটি ৬১ লাখ পাঁচ হাজার টাকা দেয়া হয়েছে।
বিজেএমসি খুলনার আঞ্চলিক সমন্বয়ক মো. বনিজ উদ্দিন মিয়া জানান, খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের প্লাটিনাম, ক্রিসেন্ট, স্টার, খালিশপুর, দৌলতপুর, আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ণ, যশোরের কার্পেটিং, জেজেআই জুট মিলের শ্রমিকদের জুন মাসের চার সপ্তাহের মজুরি হিসেবে ২৭ কোটি ৩৯ লাখ ১৭ হাজার টাকা দেয়া হয়েছে। এরমধ্যে কার্পেটিং জুট মিলে ৬৭ লাখ ৮৪ হাজার টাকা, জেজেআই জুট মিলে দুই কোটি ৮৫ লাখ ৭১ হাজার টাকা, ইস্টার্ণ জুট মিলে এক কোটি ৯৫ লাখ ৩৮ হাজার টাকা, ক্রিসেন্ট জুট মিলে ছয় কোটি ৮৩ লাখ ৮৬ হাজার টাকা, প্লাটিনাম জুট মিলে ছয় কোটি ৬১ লাখ পাঁচ হাজার টাকা, স্টার জুট মিলে চার কোটি ৬২ লাখ ৮৯ হাজার টাকা, খালিশপুর জুট মিলে তিন কোটি ৩০ লাখ ৮১ হাজার ও দৌলতপুর জুট মিলে ৫১ লাখ ৭৩ হাজার টাকা দেয়া হয়েছে। তবে মালিকানা জটিলতার কারণে আলীম জুট মিলের শ্রমিকদের মজুরি আসেনি।