নিঃসন্তান থাকার কষ্ট সইতে পারলেন না দম্পতি, এক ঘরে দিলেন ফাঁস
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউপির দড়ি সহস্রাইল গ্রামে এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
তিন বছরের বিবাহিত জীবনে কোনো সন্তানাদি না আসায় পারিবারিক কলহ থেকে তারা আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তারা হলেন দড়ি সহস্রাইল গ্রামের ইউনুছ মোল্লার একমাত্র ছেলে রাকিব মোল্লা ও তার স্ত্রী ইভা বেগম।
রাকিব মোল্লা জাহাজে চাকরি করতেন। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে সে গ্রামে ফিরে রাজমিস্ত্রির কাজ শুরু করে। তিন বছর আগে বোয়ালমারী পৌর এলাকার কামারগ্রাম ইকরাম মৃধার মেয়ে ইভার সঙ্গে তার বিয়ে হয়।
শেখর ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্লা বলেন, তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তানাদি না থাকায় কিছুটা হতাশা ছিলো। দু’জনের সংসারে বিভিন্ন সময় ঝগড়া লেগেই থাকতো। এ কারণে তারা আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছি।
আলফাডাঙ্গা থানার ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, বুধবার দুপুর দেড়টার দিকে প্রতিবেশীরা তাদের ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে উদ্ধার করে পাশের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।