ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্লেন দুর্ঘটনার আশঙ্কায় ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১২, ২৪ জুন ২০২০
প্লেন দুর্ঘটনার আশঙ্কায় ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ
আকাশে উড়ছে রঙ বেরঙের ঘুড়ি

আকাশে ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দর কর্তৃপক্ষ।  

গত ২৫ মার্চ থেকে রাজশাহী-ঢাকা রুটে করোনা পরিস্থিতির কারণে যাত্রীবাহী উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকলেও বেশ কিছু প্রশিক্ষণ প্লেন নিয়মিত উঠানামা করছে।

যেসব এলাকায় প্লেন উড্ডয়ন করে সেসব এলাকায় ঘুড়ি ওড়ানো যাবে না বলে গত কয়েকদিন থেকে শাহ মখদুম বিমানবন্দর কর্তৃপক্ষ মাইকিং করছে। আকাশে ঘুড়ি ওড়ানোর কারণে প্রশিক্ষণ প্লেনগুলো মারাত্মক ঝুঁকি নিয়েই ওঠানামা করছে।  

করোনাভাইরাসের কারণে ঘরবন্দি অনেক তরুণ ঘুড়ি উৎসবে মেতে উঠেছে। লকডাউন উঠে গেলেও তারা নিয়মিতই সকাল-বিকেলে আকাশে ঘুড়ি ওড়ানোর খেলায় মশগুল থাকছে। লাইলন দড়ি দিয়ে এখন ঘুড়ির চেয়েও বড় ‘চঙ’ তৈরি করে আকাশে ওড়াচ্ছে। এতে যে কোনো দিন আকাশে বড় ধরনের প্লেন দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।  

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান বলেন, ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও প্রশিক্ষণ প্লেন ওঠানামা করছে। তারা নিয়মিতভাবে প্রশিক্ষণ পরিচালনা করছে। প্রতিদিন তিনটি প্রশিক্ষণ প্লেন ওঠানামা করে। 
 
তিনি আরো বলেন, আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী যেসব এলাকায় প্লেন ওঠা-নামা করে সেসব এলাকায় ঘুড়ি ওড়ানো যাবে না। তাই নিষেধ করে মাইকিং করা হচ্ছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!