মানবতার সেবায় এসআই আফসারের অনন্য নজির
দিনটি বুধবার। ঘড়ির কাটায় সকাল আনুমানিক ১০টা। ঘটনাটি চট্টগ্রামের। নগরীর জিইসি মোড়স্থ গৃহায়ন অফিসের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন আনুমানিক ৭০ বছর বয়সী এক বৃদ্ধ। খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে খুলশী থানা পুলিশ।
ঘটনা এখানেই শেষ নয়। হাসপাতালে ভর্তির পর আহত ব্যক্তির চিকিৎসায় পাঁচ ব্যাগ রক্ত প্রয়োজন বলে জানান চিকিৎসক। সে সময় দেরি না করে গায়ে থাকা পিপিই খুলে নিজেই এক ব্যাগ ব্লাড দিতে প্রস্তুত হয়ে যান ঘটনাস্থলে দায়িত্বে থাকা খুলশী থানার এসআই নুরুল আফসার। পাশাপাশি নিজ প্রচেষ্টায় আরো চার ব্যাগ ব্লাড ম্যানেজ করে আরো একবার স্থাপন করলেন মানবতার দৃষ্টান্ত।
আহত ব্যক্তিটির নাম মোহাম্মদ জাফর। তিনি নগরীর আতুরার ডিপো এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
খুলশী থানার ওসি প্রনব চৌধুরী বলেন, বুধবার সকালে গৃহায়ন অফিসের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যান এসআই নুরুল আফসারের নেতৃত্বে পুলিশের একটি দল। তারা তাকে উদ্ধার করে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকরা তার চিকিৎসায় পাঁচ ব্যাগ ব্লাড প্রয়োজন বলে জানালে এসআই নুরুল আফসার নিজেই এক ব্যাগ ব্লাড দিয়ে আরো চার ব্যাগ ম্যানেজ করে দেন। আমরা মানবিক পুলিশিংয়ে বিশ্বাসী। নুরুল আফসার সে কাজটিই করেছেন। তার এমন মানবিক দায়িত্ববোধ আমাদের যেমন গর্বিত করে, তেমনি সাধারণ মানুষকেও অনুপ্রাণিত করবে।
কাভার্ডভ্যানটির হেলপারকে আটক করে গাড়িটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।