ভাঙ্গুড়ায় পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন
পাবনার ভাঙ্গুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও ভাঙ্গুড়া থানার ওসি । পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণে মাঠপর্যায়ে তৎপর রয়েছেন তাঁরা। (১৭অক্টোবর) শনিবার তারা উপজেলার অষ্টমনিষা,মন্ডতোষ ও খানরিচ ইউনিয়নের পূজা মণ্ডপ গুলি তারা পরিদর্শন করেন।
পরিদর্শনকারী কর্মকর্তাদের মধ্যে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম।
পরিদর্শনকালে কর্মকর্তারা পূজা মণ্ডপ গুলোর সার্বিক পরিস্থিতি, পূজার প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তাঁরা।
প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে পূজা উদ্যাপনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
ভাঙ্গুড়া থানার ওসি মো. সাকিউল আযম জানান, উপজেলার প্রতিটি পূজা মন্ডপে ৮ জন করে আনসার সদস্য ও ২ জন করে গ্রাম পুলিশ সদস্য রয়েছেন। এছাড়াও প্রতিটি পূজা মন্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা আওতায় নিয়ে আসা হয়েছে। সেই সাথে পূজা মণ্ডপ গুলিতে সংশ্লিষ্ট বিট অফিসার সার্বক্ষণিক তদারকি করছেন। তাছাড়াও থানা পুলিশের পক্ষ থেকে পেট্রোল ডিউটি চলমান রয়েছে।