কুড়িগ্রামে নৌকা ডুবিতে নিখোঁজ বাবা-মেয়ের সন্ধান মেলেনি
কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউপিতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে বাবা-মেয়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের উদ্ধারে স্থানীয়রা চেষ্টা চালালেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজরা রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মধ্যপাড়া গ্রামের কাচুয়া শেখের ছেলে সুলতান মিয়া ও তার মেয়ে শিরিনা খাতুন।
বৃহস্পতিবার উলিপুর উপজেলার মোল্লরহাট ঘাট থেকে সুলতান মিয়া তার স্ত্রী জোবেদা বেগম, মেয়ে শিরিনা খাতুনসহ পরিবারের ৬ সদস্যকে নিয়ে স্থানীয় শাহ্ আলম মিয়ার নৌকায় করে সাহেবের আলগা ইউপির কাজিয়ার চর গ্রামের শ্বশুরবাড়ি আজিজ মোল্লার বাড়িতে দাওয়াত খেতে রওনা দেন।
নৌকাটি সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদের ফকিরের চর ও মশালের চরের মাঝামাঝি স্থানে পৌঁছালে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ১০ যাত্রীর মধ্যে ৮ জন সাঁতরে কিনারায় পৌঁছাতে পারলেও সুলতান মিয়া ও তার মেয়ে শিরিনা খাতুন নিখোঁজ হয়।
সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, নৌকার যাত্রীরা ৯ নম্বর ওয়ার্ডের কাজিয়ারচরে যাওয়ার সময় মাঝ পথে হঠাৎ করে ঝড় উঠলে ব্রহ্মপুত্র নদের ঢেউয়ের কবলে পড়ে নৌকাটির নিচের অংশের কাঠ খুলে গিয়ে ডুবে যায়।
এ সময় পাশে থাকা মাছ ধরার অন্য নৌকা এগিয়ে এসে সবাইকে উদ্ধার করলেও ডুবে যাওয়া বাবা-মেয়েকে উদ্ধার করতে পারেনি। তাদের উদ্ধারে স্থানীয়রা প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু পাচ্ছেনা। নদীর স্রোতে নিখোঁজরা ঘটনাস্থল থেকে দূরে কোথাও চলে যেতে পারে ধারণা করা হচ্ছে।