কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে যুবক খুন, গ্রেফতার ১
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউপির সীমান্তবর্তী আলগারচর গ্রামে জমি সংক্রান্ত জেরে আকবর আলী নামে এক যুবক খুন হয়েছেন।
আকবর আলী উপজেলার উত্তর আলগারচর গ্রামের রহিম উদ্দিনের ছেলে।
এলাকাকাসী খুনি আছিম উদ্দিনকে আটক করে রৌমারী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। সে একই উপজেলার আবেদ আলীর ছেলে।
জানা গেছে, রৌমারী উপজেলার আলগারচর গ্রামের আছিম উদ্দিন ও আকবর আলীর সঙ্গে জমিজমা সংক্রান্ত নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে আছিম উদ্দিন ও আকবর আলীর সঙ্গে জমি নিয়ে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
এক পর্যায়ে আছিম উদ্দিন ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা দেশীয় অস্ত্র শুলপি আকবর আলীর পেটে ঢুকে দেয়। এতে গুরুতর আহত হয় আকবর আলী। আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রাজিবপুর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রৌমারী থানার ওসি মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। খুনিকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।