ইঞ্জিনের ধাক্কায় চার বগি লাইনচ্যুত, বগিচাপায় নিহত ১
রংপুরের কাউনিয়ায় ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের সময় ইঞ্জিনের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮৫ জন।
বৃহস্পতিবার বিকেলে কাউনিয়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত আপেল মাহমুদ ঠাকুরগাঁওয়ের বাসিন্দা।
স্টেশন মাস্টার বাবু আল রশিদ জানান, সান্তাহার থেকে পঞ্চগড়গামী উত্তরবঙ্গ মেইল সেভেনআপ ট্রেনটির ইঞ্জিন পরিবর্তন করা হচ্ছিলো। ওই সময় চালকের অসাবধানতায় ইঞ্জিনটি প্রবল গতিতে বগিতে ধাক্কা দেয়। এতে প্রথম ও দ্বিতীয় বগির মাঝের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া আরো দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। ঘটনার পর থেকেই ট্রেনের চালক ও সহকারী পলাতক রয়েছেন।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শামসুজ্জোহা বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত ২২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আতিকুর রহমান জানান, দুর্ঘটনায় আহত ৬০ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
কাউনিয়া রেলস্টেশনের মাস্টার বাবু আল রশিদ বলেন, দুর্ঘটনায় চালকের অপরাধ আছে কিনা তা যাচাই করতে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন। এছাড়া লাইনচ্যুত বগি সরাতে উদফধারকারী দলও আসছে।
ডেইলি বাংলাদেশ/এআর