ফের মৃত্যুশূন্য দিন পার করল চট্টগ্রাম, শনাক্ত ১১ শতাধিক
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে মৃত্যু হয়নি কারো। রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ল্যাব এইড, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চার হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ১১৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২৭ দশমিক ৪১ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ২৭ দশমিক ৭৭ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ৭৯৪ জন, রাউজানের ৭১ জন, হাটহাজারীর ৬৮ জন, রাঙ্গুনিয়ার ৪২ জন, পটিয়ার ৪০ জন, ফটিকছড়ির ২২ জন, মিরসরাইয়ের ২২ জন, বোয়ালখালীর ১৮ জন, লোহাগাড়ার ছয়জন, সাতকানিয়ার ছয়জন, বাঁশখালীর ছয়জন, সীতাকুণ্ডের ছয়জন, আনোয়ারার পাঁচজন, চন্দনাইশের পাঁচজন ও সন্দ্বীপের চারজন রয়েছেন।
এর আগে, শনিবার ৮০৯, শুক্রবার ১১৬৭, বৃহস্পতিবার ১১২১, বুধবার ১৪৫৫, মঙ্গলবার ১৩৪৮ ও সোমবার ৯৮৯ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৮৬ হাজার ৮৭৯ জন ও উপজেলা পর্যায়ে ৩২ হাজার ২৪৮ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ১৯ হাজার ১২৭ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৫৪ জন। এর মধ্যে নগরীর ৭৩০ জন ও উপজেলার ৬২৪ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।