ছোট্ট কুকুর ছানার চোখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা
পশু-পাখি খুবই নিরীহ প্রকৃতির হয়ে থাকে। অনেকেই সখ করে পশু-পাখি পোষেন। এর মধ্যে কুকুর অন্যতম। কিন্তু পছন্দের পশুটির উপর নির্মমতার কথা শুনেছেন কি? সম্প্রতি এমনি এক ঘটনা ঘটেছে।
কালো টি-শার্ট পরিধান করা এক নারী,তার এক হাতে জ্বলন্ত সিগারেট অন্য হাতে ধরে আছেন ছোট্ট একটি কুকুর ছানাকে। মনের সুখেই সিগারেট টানছেন তিনি। এই দৃশ্যটুকু খুবই স্বাভাবিক। এখানে অভিযোগেরও কোনো কারণ নেই। কিন্তু এরপরে তিনি যা করলেন তা রীতিমত বিভৎস।
সিগারেট টানতে টানতেই বাঁ-হাতে ঘাড় চেপে ধরে থাকা কুকুর ছানাটির চোখে সিগারেটের ছ্যাঁকা দিচ্ছিলেন তিনি। একবার নয় বেশ কয়েকবার এমনটা করলেন ওই নারী। একটু পর পর সিগারেট টানছেন আর কুকুর ছানাটির চোখে ছ্যাঁকা দিচ্ছেন। আর ব্যথায় লাফিয়ে উঠছে ছানাটি। কুকুরছানাটি যন্ত্রণায় ছটফট করলেও একেবারেই নির্বিকার ছিলেন ওই নারী, যেন কিছুই হয়নি।
২ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশের হোয়াটস অ্যাপ গ্রুপে। আর সেই ভিডিওটি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন এজিম লি নামের এক ব্যক্তি। তিনি ওই ভিডিও শেয়ার করে মালয়েশিয়ার পুলিশের কাছে ওই নারীকে গ্রেফতারের দাবি জানান। তারপরই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
তবে ভিডিওটি কোথায় তোলা হয়েছে, আর ওই নারীর পরিচয় কি তা অবশ্য এখনো জানা সম্ভব হয়নি। তবে সিঙ্গাপুরের বেশ কয়েকজন দাবি করেছেন যে এটা সেখানকার ঘটনা। এমন পৈশাচিক আচরণের জন্য সামাজিক মাধ্যমে ওই নারীকে ধিক্কার জানিয়েছেন নেটিজেনরা।
ডেইলি বাংলাদেশ/এএ