প্রতিপক্ষের গুলিতে একজন আহত, অস্ত্র-গুলি উদ্ধার
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুইপক্ষের গোলাগুলিতে অনুপম চাকমা নামে একজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার বড়নাল ইউপির তৈলাফাং নামক এলাকায় প্রতিপক্ষের গুলিতে আহত হন তিনি।
খবর পেয়ে রাত ১১ টার দিকে বিজিবি ও পুলিশ আহত যুবককে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পুলিশ পাহারায় চট্রগ্রাম মেডিকেলে পাঠানো হয়। আহত অনুপম চাকমা খাগড়াছড়ি সদরের গোলাবাড়ি ইউপির হরিনাথ পাড়ার মনুজয় চাকমা ছেলে। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ৫ রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সন্ধার পর থেকেই গোলাগুলির শব্দ শোনা যায়। গোলাগুলি বন্ধ হওয়ার বেশ কিছুক্ষণ পরে জানা যায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ও যামিনীপাড়া জোনের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যায়।
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে বিজিবির সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অনুপম চাকমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ৫ রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আহত অনুপম চাকমার নামে একটি অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।