চেন্নাই থেকে ফিরলেন আটকে পড়া আরো ১৬৪ জন
চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে ভারতের চেন্নাইয়ে আটকে পড়া আরো ১৬৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বুধবার বিকেল ৩টা ৫০ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।
কামরুল ইসলাম বলেন, ভারতের বিভিন্ন অঞ্চলে চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে আটকে রয়েছে হাজার হাজার বাংলাদেশি। গত ১৭ মার্চ থেকে আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তারা ফিরেতে পারছিলেন না। ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আটকে পড়াদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়।
২০ ও ২১ এপ্রিল তৃতীয় দফায় আটকে পড়া অনেককে দেশে ফেরানো হয়। এছাড়া ২৪ ও ২৫ এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় আরো দু’টি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ফ্লাইটগুলো ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হবে। চেন্নাই থেকে দুপুর ১২টা ১৫ মিনিটে ছেড়ে আসবে এবং বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
তিনি আরো বলেন, যাত্রীদের করোনাভাইরাস মুক্ত কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকলে অবশ্যই নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর যেসব যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নেই, তাদের সরকার নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা রয়েছে।