ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

সাভার-আশুলিয়ায় দুই বাসে আগুন, পুলিশ ছাউনিতে পেট্রলবোমা

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৫, ২৯ নভেম্বর ২০২৬
সাভার-আশুলিয়ায় দুই বাসে আগুন, পুলিশ ছাউনিতে পেট্রলবোমা
সংগৃহীত ছবি

সাভার ও আশুলিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগ এবং একটি পুলিশ ছাউনি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে এসব ঘটনা ঘটে।

এতে দুটি বাসের আংশিক ক্ষতি হয়েছে। তবে পুলিশ ছাউনিতে নিক্ষেপ করা পেট্রলবোমাটি বিস্ফোরিত না হওয়ায় সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এসব ঘটনায় হতাহতের খবরও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বেলতলা এলাকায় একটি গ্যারেজের সামনে মেরামতের জন্য রাখা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আল-আমিন খান জানান, বাসটিতে এর আগেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। মেরামতের জন্য এটি বেলতলা এলাকার একটি গ্যারেজের সামনে রাখা হয়েছিল। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে বাসটিতে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বিপরীতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত একটি পুলিশ ছাউনি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায় তারা। তবে পেট্রলবোমাটিতে আগুন না ধরায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা পুলিশ ছাউনি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনে সাভারের বলিয়ারপুরে যমুনা ন্যাচারাল পার্কসংলগ্ন একটি গ্যারেজের সামনে রাখা শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুনে বাসটির প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করা হচ্ছে।

পরপর এসব অগ্নিসংযোগ ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে সংশ্লিষ্ট থানা-পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!