বৃহস্পতিবার এ তথ্য জানান ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পরিদর্শক মো. আনোয়ার সাত্তার।
তিনি জানান, বুধবার ঢাকার ওয়ারী থেকে কল করে কামাল আহমেদ মোল্লা নামে কলার জানান, সম্পত্তি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ক্ষুব্ধ হয়ে প্রথম স্ত্রী ও কন্যা তাকে আটকে রেখেছেন। এখন প্রথম স্ত্রী-কন্যা জমি লিখে দেওয়ার জন্য তাকে চাপ দিচ্ছেন। এই তথ্যের ভিত্তিতে ৯৯৯-এর কলটেকার কনস্টেবল বরকত শেখ ওয়ারী থানায় দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানান। পাশাপাশি ৯৯৯-এরপর ডেসপাচার এসআই রেজাউল করিম কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে পুলিশি তৎপরতার খোঁজ-খবর নিতে থাকেন।
.png)
আনোয়ার সাত্তার বলেন, সংবাদ পেয়েই ওয়ারী থানার একটি দল কলার কামাল আহমেদকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায়। অন্যদিকে মানিকগঞ্জের সিঙ্গাইর থানার একটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন আসামি ওয়ারীর বিসিজি রোডের ২৯ নম্বর বাসায় অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে পুলিশের অন্য একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। ঐ গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিই হলেন কলার কামাল আহমেদ। পরে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, কলার কামাল আহমেদ মানিকগঞ্জের সিঙ্গাইর থানার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
আসামিকে গ্রেফতার করে প্রথমে ওয়ারী থানায় নিয়ে যাওয়া হয়। এরপর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্য মানিকগঞ্জের সিঙ্গাইর থানায় হস্তান্তর করা হয় বলেও জানান ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার সাত্তার।