ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ঈদের রাতে প্রাইভেটকারের রেসিং, দুর্ঘটনায় তরুণীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৩, ৩০ জুন ২০২৩
ঈদের রাতে প্রাইভেটকারের রেসিং, দুর্ঘটনায় তরুণীসহ নিহত ২
সংগৃহীত ছবি

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা এলাকায় মধ্যরাতে কয়েকটি প্রাইভেটকারের রেসিংয়ের সময় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন তরুণীও রয়েছেন। নিহতরা হলেন- জান্নাত আক্তার (১৮) ও শামীম (৩৫)।

ঈদের দিন বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক প্রাইভেটকার জব্দ ও চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয় শিশু সাদিয়া আক্তার (৮)।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) হুমায়ুন কবির।

তিনি বলেন, মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার ঘটনায় প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। নিহত তরুণী ও যুবকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

চালক মদ্যপ ছিলো কি না- জানতে চাইলে হুমায়ুন বলেন, গাড়িটি দ্রুতগতির ছিল। চালক মদ্যপ ছিলেন না। 

পুলিশ জানিয়েছে, রাতে হাসপাতালে নেয়ার পর জান্নাত আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার বাবার নাম মো. বাহার উদ্দিন। গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলায়। ঢাকার একটি কলেজে সদ্য ভর্তি হয়েছিলেন তিনি। সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম (৩৫)।

আহত সাদিয়ার বাবা সাইফুল ইসলাম বলেন, কুড়িল বিশ্বরোড এলাকায় শ্বশুরের বাসায় দাওয়াত ছিল। খাওয়া-দাওয়া শেষে রাত দুইটার দিকে আমার ও ভায়রা ভাই শামীমের মোটরসাইকেলে করে ভাষানটেক এলাকার বাসায় ফিরছিলাম।

তিনি বলেন, দুই মোটরসাইকেলের একটাতে আমার স্ত্রী, দুই ছেলে ও আমি ছিলাম। অন্যটিতে ভায়রা শামীম, আমার মেয়ে সাদিয়া ও শ্যালিকা জান্নাত ছিলো। কুর্মিটোলা গল্ফ ক্লাবের সামনে আসার পরেই ৯ থেকে ১০টি প্রাইভেটকার রেসিং করতে দেখা যায়। হঠাৎ পেছন থেকে একটি দ্রুতগতির প্রাইভেটকার শামীমের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সবাই। গুরুতর আহত অবস্থায় প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করে। গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন শামীম সকালে মারা যান। সাদিয়া এখনো চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!