ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

স্মার্ট হাটে নিরাপদ লেনদেন সুবিধা পাচ্ছেন ক্রেতা বিক্রেতারা: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৯, ২৭ জুন ২০২৩
স্মার্ট হাটে নিরাপদ লেনদেন সুবিধা পাচ্ছেন ক্রেতা বিক্রেতারা: মেয়র আতিক
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, স্মার্ট কোরবানির পশুর হাটে ক্রেতা বিক্রেতারা নিরাপদ লেনদেনের সুবিধা পাচ্ছেন।

মঙ্গলবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

মেয়র আতিক বলেন, গত বছর পরীক্ষামূলকভাবে স্মার্ট হাট শুরু করেছিলাম। জনগণের ব্যাপক সাড়া পাওয়ায় এ বছর ৮টি হাটে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন ব্যবস্থা রেখেছি। ক্রেতা ডিজিটাল পদ্ধতিতে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে পছন্দের গরুটি কিনেছেন। আবার বিক্রেতা গরু বিক্রির টাকা সঙ্গে বহন না করে হাটেই ডিজিটাল বুথে ব্যাংক অ্যাকাউন্ট খুলে জমা করেন। ডিএনসিসির স্মার্ট হাটের ডিজিটাল লেনদেন ব্যবস্থার ফলেই এটি সম্ভব হয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের নেতৃত্বে কোরবানির পশুর হাটগুলো মনিটরিংয়ের জন্য একটি তদারকি টিম গঠন করা হয়েছে। এ টিম কোরবানির হাটগুলো মনিটরিং করছে। এছাড়া ৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করার সম্পূর্ণ প্রস্তুতি নেয়া হয়েছে। ঈদের দিন দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। রাত ১০টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে। যে ওয়ার্ড আগে বর্জ্য পরিষ্কার করবে সেই ওয়ার্ডকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা (অ.দা.) মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!