ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব: মেয়র আতিক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ-সুন্দর পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আজকের শিশুই আমাদের ভবিষ্যৎ, তারাই হবে দেশ গড়ার কারিগর।
সোমবার ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনের হল রুমে ১৪ হাজার শিশুর মাঝে নতুন পোশাক বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ডিএনসিসি এবং দারাজ বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে। সোমবার থেকে শুরু হয়ে ঈদ পর্যন্ত ডিএনসিসির আওতাধীন দশটি ওয়ার্ডে ১৪ হাজার শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করা হবে।
এ সময় তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আমাদের ভাবতে হবে প্রতি মুহূর্তে। তারাই আগামীর বাংলাদেশ। আজকের শিশুরাই ভবিষ্যতে এই শহরকে, দেশকে ও বিশ্বকে নেতৃত্ব দেবে। এই শিশুদের সঠিক পথ দেখাতে পারলেই আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। শিশুদের সুস্থভাবে বেড়ে উঠার সুযোগ করে দিতে হবে। শিশুরা কোথায় খেলবে, কোথায় ঘুরবে, কোন পরিবেশে বেড়ে উঠবে সেটি সুনিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমাদের। শিশুদের আনন্দমাখা শৈশব উপহার দিতে হবে। তাদের সঠিক পরিবেশ নিশ্চিত করে দিতে না পারলে তারা আমাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন করবে।
আসন্ন ঈদে মানুষ যাতে নিরাপদে তাদের বাড়িতে যাত্রা করতে পারে সেজন্য বাস টার্মিনালগুলো থেকে যেন কোনো ফিটনেসবিহীন বাস না চলতে পারে সেজন্য ডিএনসিসির কর্মকর্তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা দেন তিনি।