ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে ২৩ লাখ মানুষ পাবে কলেরার টিকা: স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৩, ১৩ এপ্রিল ২০২২
রাজধানীতে ২৩ লাখ মানুষ পাবে কলেরার টিকা: স্বাস্থ্য অধিদফতর
ফাইল ছবি

রাজধানীতে ২৩ লাখ মানুষকে কলেরার টিকা খাওয়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রাজধানীসহ সারাদেশে ডায়রিয়ার ব্যাপক সংক্রমণ পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদফতর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অধিদফতরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম।
 
তিনি বলেন, দুই ডোজের এ কলেরার টিকাদান কর্মসূচির প্রথম ডোজ খাওয়ানো হবে মে মাসে। সব মিলিয়ে ২৩ লাখ ডোজ টিকা খাওয়ানো হবে। পরবর্তীতে দ্বিতীয় ডোজ দেওয়া হবে জুন মাসে। গর্ভবতী নারী ছাড়া এক বছরের বেশি বয়সী সবাইকে এ টিকা দেওয়া হবে। প্রথম ধাপে রাজধানীর পাঁচটি এলাকায় এ টিকা কার্যক্রম পরিচালনা করা হবে। এলাকাগুলো হলো- যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর ও সবুজবাগ।

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ডায়রিয়াজনিত সমস্যার কারণ নির্ণয় ও সমাধানে ওয়াসার সঙ্গে আলোচনা হচ্ছে। ডায়রিয়া হঠাৎ কোনো সমস্যা নয়। এটা প্রায়ই হয়, আমরা এটি নিয়ে কাজ করছি। যদি পানিতে কোনো সমস্যা থাকে, তবে ওয়াসা সেটি দেখবে। আমরাও আমাদের সেবা চালিয়ে যাব।

টিকাগ্রহণের প্রক্রিয়া কেমন হবে- জানতে চাইলে তিনি বলেন, টিকা কার্যক্রমটি নিয়ে আমরা এখনো কাজ করছি। টিকা গ্রহণ করতে হলে আলাদা কোনো নিবন্ধনের প্রয়োজন নেই। নির্দিষ্ট তারিখ ও কেন্দ্র বাছাই হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে। নিকটস্থ কেন্দ্রে গেলেই টিকা নেয়া যাবে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, ডায়রিয়ার প্রকোপ রোধে সচেতনতার কোনো বিকল্প নেই। কেউ ডায়রিয়া আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে খাবার স্যালাইন গ্রহণের পাশাপাশি নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে। জেলা-উপজেলাসহ আমাদের প্রতিটি হাসপাতালই প্রস্তুত রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডায়রিয়া হলেই আইসিডিডিআরবি হাসপাতালটির নাম মাথায় চলে আসে। কারণ, এই হাসপাতালটির আগে নাম ছিল কলেরা হাসপাতাল। এই কারণেই মানুষ হাসপাতালটিতে এসে ভিড় জমাচ্ছে। কিন্তু আমাদের প্রতিটি হাসপাতালই ডায়রিয়া চিকিৎসার জন্য প্রস্তুত।

সারাদেশে মোট ৪ হাজার ৫২৮টি মেডিকেল টিম কাজ করছে জানিয়ে নাজমুল ইসলাম বলেন, হাসপাতালগুলোতে ৫০০ মিলি ব্যাগ আইভি স্যালাইন মজুত আছে ৩ লাখ ৩০ হাজারটি, ১০০০ মিলি ব্যাগ আছে ৪ লাখ। এছাড়া ১০০০ মিলি ব্যাগের আরো ১ লাখ ৬০ হাজার আইভি স্যালাইন শিগগির কেনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!