ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে কলেরা-ডায়রিয়ার তীব্র প্রকোপ, পাঁচ হটস্পট চিহ্নিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৭, ১৩ এপ্রিল ২০২২
রাজধানীতে কলেরা-ডায়রিয়ার তীব্র প্রকোপ, পাঁচ হটস্পট চিহ্নিত
ফাইল ছবি

রাজধানীতে কলেরা ও ডায়রিয়ার পাঁচটি হটস্পট (ঝুঁকিপূর্ণ) চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদফতর।

এলাকাগুলো হচ্ছে- যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর ও সবুজবাগ। এলাকাগুলোতে ২৩ লাখ ডোজ টিকা দেওয়া হবে।

বুধবার বেলা সাড়ে ১১টায় দেশের চলমান ডায়রিয়া সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, দুই ডোজের এই টিকা কর্মসূচির প্রথম ডোজ দেওয়া হবে মে মাসে। সবমিলিয়ে ২৩ লাখ ডোজ টিকা দেওয়া হবে। পরবর্তী সময়ে দ্বিতীয় ডোজ দেওয়া হবে জুনে।

তিনি বলেন, প্রথম ধাপে রাজধানীর পাঁচটি এলাকায় এই টিকা কার্যক্রম পরিচালনা করা হবে। সেগুলো হলো- যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর, সবুজবাগ।

আরো পড়ুন> রেলের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার

টিকা গ্রহণের প্রক্রিয়া কেমন হবে জানতে চাইলে এই কর্মকর্তা আরো বলেন, টিকা কার্যক্রমটি নিয়ে আমরা এখনো কাজ করছি। এই টিকা গ্রহণ করতে হলে আলাদা কোনো নিবন্ধনের প্রয়োজন নেই। নির্দিষ্ট তারিখ ও কেন্দ্র বাছাই হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে। নিকটস্থ কেন্দ্রে গেলেই টিকা নেয়া যাবে।

ডা. নাজমুল ইসলাম বলেন, ডায়রিয়া রোগীদের সুস্থ ব্যবস্থাপনায় এবং ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ইতিমধ্যে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। ডায়রিয়া রোগীদের সুস্থ ব্যবস্থাপনার জন্য হাসপাতালগুলোতে অতিরিক্ত বিছানার ব্যবস্থা করা হয়েছে এবং ডায়রিয়া ওয়ার্ড চালু করা হচ্ছে। ডায়রিয়া রোগীদের চিকিৎসায় চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরইমধ্যে ৬০ জনের বেশি চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতেরর মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, ডায়রিয়া প্রকোপ রোধে সচেতনতার কোনো বিকল্প নেই। কেউ ডায়রিয়া আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে খাবার স্যালাইন গ্রহণের পাশাপাশি নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে। জেলা ও উপজেলাসহ আমাদের প্রতিটি হাসপাতালই প্রস্তুত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!