ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

বনানী থানায় পরীমনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৫, ৫ আগস্ট ২০২১
বনানী থানায় পরীমনি
পরীমনি। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আইনে দু’টি মামলা দায়ের করা হয়েছে। চিত্রনায়িকা-প্রযোজকসহ র‌্যাবের হাতে আটক হওয়া ৪ জনকে বনানী থানায় নেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় তাদের নিয়ে বনানী থানায় যান র‌্যাব সদস্যরা। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্র জানায়, তাদের বিরুদ্ধে মাদক ও পর্নোগ্রাফি আইনে র‌্যাব-১ বাদী হয়ে মামলা দায়ের করেছে। পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম বিপুর নামে মাদক মামলা করা হয়েছে।এছাড়া প্রযোজক রাজ ও তার সহযোগী সবুজ মিয়ার বিরুদ্ধে মাদক ও পর্নোগ্রাফির অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হচ্ছে।

র‌্যাব কমান্ডার খন্দকার আল মঈন বলেন, পরীমনির নাম শামসুর নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি। তাকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। জানা গেছে, তিনি ২০১৪ সালে সিনেমা জগতে আসেন। এপর্যন্ত ৩০টি সিনেমা ও ৫/৭ টি টিভিসিতে অভিনয় করেছেন। তাকে পিরোজপুর থেকে ঢাকায় সিনেমা জগতে আনে গ্রেফতার হওয়া নজরুল ইসলাম রাজ।

জিজ্ঞাসাবাদে পরীমনি জানান, ২০১৬ থেকে তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করেন। মাত্রাতিরিক্ত চাহিদা মেটাতে তিনি বাসায় একটি মিনিবার করেছেন। মিনিবার থাকায় তার বাসায় পার্টির আয়োজন করা হতো। সেই পার্টিতে বিভিন্ন প্রকার মাদক সরবরাহ করতেন রাজ।

বুধবার রাতে বিপুল মাদকদ্রব্যসহ পরীমনিকে আটক করা হয়। এরপর প্রযোজক নজরুল ইসলাম রাজকে তার কার্যালয় থেকে আটক করা হয়। এসময় বিপুল পরিমাণে বিদেশি মদ, ইয়াবা বড়ি, সেক্স টয় উদ্ধার করা হয়।

র‍্যাব বলছে, মাদকদ্রব্যসহ সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমনির বিরুদ্ধে বাসায় অভিযান চালানো হয়। অন্যদিকে নজরুল রাজের বিরুদ্ধে অভিযোগ, তিনি মাদকের আসর বসিয়ে সেখানে আসা বিত্তবান ব্যবসায়ী ও উচ্চবিত্তের সন্তানদের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেলিং করে মোটা অঙ্কের টাকা আদায় করতেন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!