ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

মশা নিয়ন্ত্রণে ডিএনসিসিতে বিশেষ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৬, ২০ ফেব্রুয়ারি ২০২১
মশা নিয়ন্ত্রণে ডিএনসিসিতে বিশেষ অভিযান শুরু
মশা নিয়ন্ত্রণে ডিএনসিসিতে বিশেষ অভিযান শুরু। ছবি: ডেইলি বাংলাদেশ

মশা নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ অভিযান আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

শনিবার ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা রাজধানীর গুলশান থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অভিযান চলাকালে সর্বত্র মশার কীটনাশক প্রয়োগ করা হবে। এছাড়া মশার প্রজননস্থল ধ্বংস করতে পরিচ্ছন্নতা কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। বিভিন্ন ড্রেন ও জলাশয়ে চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড নোভালিউরন প্রয়োগ করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে সেলিম রেজা বলেন, এ অভিযান শুক্রবার ও ২১ ফেব্রুয়ারি বাদে একযোগে শনিবার থেকে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে পরিচালিত হবে। এ কার্যক্রমে ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলররা নেতৃত্ব দিচ্ছেন।

অভিযানের প্রথম দিনে মোট ছয় হাজার ৬৯৫টি নালা-নর্দমা, জলাশয়, নির্মাণাধীন ভবন ও অন্য স্থাপনা পরিদর্শন করে ৩০টিতে লার্ভা পাওয়া যায়। মোট চার হাজার ৫৩৯টিতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে কীটনাশক প্রয়োগ করা হয়।

এছাড়া লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯টি মামলায় দুই লাখ ৩৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়েদুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!