ওজন মেপে টাকা নেন না এই গার্মেন্টসকর্মী!
রাত তখন ৯টা। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় ফুটপাতে ডিজিটাল মেশিন নিয়ে বসে আছেন এক যুবক। কেউ-কেউ সেই ডিজিটাল মেশিনে ওজনও মেপে নিচ্ছেন। শেষে কত টাকা দিতে হবে জানতে চাইলেই যুবকের ভাষ্য, মন যা চায় দিন, না দিলেও আপত্তি নাই!
টাকা না দিলে কেন আপত্তি নেই-জানতে চাইলে তিনি বলেন, অনেকের কাছে টাকা থাকে না। তাই তাদের কাছ থেকে টাকা নেই না। অথবা এমন অনেকেই আছেন, যাদের কাছে এই দুই বা পাঁচ টাকাও অনেক বেশি। তাই তাদের কাছ থেকে আমি টাকা নেই না।
তিনি বলেন, কেউ দুই টাকা, কেউ পাঁচ টাকাও দেয়। অর্থাৎ মনখুশি হয়ে যে যা দেয় তা-ই নেই। টাকা নেয়া নিয়ে কখনোই কোনো কথা বলি না।
কথায়-কথায় জানালেন, তার নাম সবুজ। দেশের বাড়ি বরিশালে, থাকেন মিরপুরে। এখানে স্ত্রী আর ৮ বছরের এক সন্তান নিয়েই তার সংসার।
সবুজ বলেন, আমি দিনে গার্মেন্টসে কাজ করি আর রাতে ফুটপাতে এই মেশিন নিয়ে বসি। সবমিলিয়ে যা আয় হয় তা দিয়েই সংসার চালাই।
গার্মেন্টসে কত ঘণ্টা কাজ করেন-জানতে চাইলে তিনি বলেন, সর্বনিম্ন ৮ ঘণ্টা ডিউটি করতে হয়। এছাড়া অনেক সময় আরো কয়েক ঘণ্টা ওভারটাইমও কাজ করতে হয়। এমনও দিন গেছে, সবমিলিয়ে ১৬ ঘণ্টাও কাজ করেছি। কাজ শেষে ফুটপাতে এই মেশিন নিয়ে বসি।