মিরপুরে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডে যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস
রাজধানী মিরপুরের শেওড়াপাড়ার ইকবাল রোডে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের কিছু এলাকায় বিকেল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ এলাকাগুলো হলো- মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডির একাংশ, শ্যামলী ও কল্যাণপুর।
শুক্রবার তিতাস গ্যাস কোম্পানির জনসংযোগ কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণে বর্তমানে এসব এলাকায় গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে গ্যাস লাইন ফেটে যাওয়ায় শুক্রবার বিকেল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার মানুষ পড়েছেন বিপাকে। বিশেষ করে সকালের রান্না অনেক বাসায় সম্ভব হয়নি।
জানা গেছে, শুক্রবার সকাল ৭টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ভোর ৪টা ৪০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস লাইন বন্ধ করতে দেরি হওয়ায় আগুন নেভাতে সময় বেশি লেগেছে। আগুনের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণ কোম্পানি তিতাসের জরুরি সেবা শাখার ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন জানান, গ্যাস লাইনে আগুন লাগার পর তা আর নেভানো যাচ্ছিল না। তাই আগুন নেভাতে গাবতলী ডিআরএস বন্ধ করতে হয়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের পরপরই মেরামতের কাজ শুরু হয়। গ্যাস লাইনের মেরামতের কাজ প্রায় শেষ। ঘণ্টাখানেকের মধ্যে সব জায়গায় গ্যাসের সরবরাহ সচল হবে।