নাশকতা-নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সভায় বক্তারা দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
কর্মসূচিতে কর্মচারীদের পক্ষে হাবিবুর রহমান বলেন, আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে পতিত স্বৈরাচারের প্রধানের দেশে ফেরার সম্ভাবনাকে ঘিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেপিআইভুক্ত প্রতিষ্ঠানে হামলা চালিয়ে জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে তিনি মনে করেন। শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং দেশের অগ্রগতি অব্যাহত রাখতে সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।
ডেপুটি রেজিস্ট্রার মোশারফ হোসাইন বলেন, তারা দেশ ও ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ এবং রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা চান। গার্মেন্টস কারখানা, বাস কিংবা চলন্ত ট্রাকে অগ্নিসংযোগ দেখতে চান না তারা। ভবিষ্যতে কেউ সন্ত্রাস ও নাশকতার চেষ্টা করলে শিক্ষার্থী, সাধারণ মানুষ ও দেশবাসীকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করা হবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. জুলহাস উদ্দীন বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনের পর ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে। তবে পতিত স্বৈরাচারী গোষ্ঠীর নেতাকর্মী ও তাদের সহযোগীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। চলন্ত ও দাঁড়িয়ে থাকা বাসে আগুন, সাধারণ মানুষের ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং পেট্রোল বোমা হামলার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষক সমিতির আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন বলেন, সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বাভাবিক ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহদাৎ হোসাইন বলেন, ১৭ বছরের অপশাসন, অর্থ পাচার ও দুর্নীতির বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে ১ হাজার ৪০০-এর বেশি ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ রক্ষা পেয়েছে। নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলেও একটি পরাজিত গোষ্ঠী তা নস্যাৎ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। সব ধরনের অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে কুবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবেন বলে জানান প্রক্টর।