ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বইমেলা ]

বইমেলায় দেশের সবচেয়ে ছোট ডিকশনারি!

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
বইমেলায় দেশের সবচেয়ে ছোট ডিকশনারি!
ছবি: বইমেলায় ছোট ডিকশনারি

ডিকশিনারি বা অভিধান, একটা সময় ছিল বিভিন্ন অর্থ জানতে একটি গুরুত্বপূর্ণ পুস্তক, বিশেষত শিক্ষার্থীদের কাছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আধুনিকায়নে অভিধান বা ডিকশনারী এখন অনেকটা অতীত। কেননা ভারী কয়েকশ পৃষ্ঠার ডিকশনারি মেলে স্মার্ট ফোনে। তারপরেও কাগুজে ডিকশনারির ব্যবহার একেবারেই নেই বললে, সেটি বলা বোধ হয় ভুল হয়ে পড়বে। 

অমর একুশে গ্রন্থ মেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ আরকাইভস ও গ্রন্থাগার অধিদফতরের স্টলে দেখা মিলেছে ছোট ডিকশনারি। দাবি করা হচ্ছে, এটি দেশের সবচেয়ে ছোট ডিকশনারি। তবে ছোট হলেও এটি কেউ কিনতে পারবেন। শুধু কিনতে না পারা নয়, এর পাশাপাশি পারবেন না নেড়ে-চেড়ে দেখতেও। কাঁচের বদ্ধ রাখা দেশের সবচেয়ে এই ছোট ডিকশনারীটির নাম ‘THE LITTLE WEBSTER A Liliput Dictionary’

১৯ শতকের মধ্যভাগে রচিত এই ডিকশনারিটি গত ১৫ বছর আগে সংগ্রহ করা হয়। আরকাইভস ও গ্রন্থাগার অধিদফতরের দায়িত্বে থাকা একজন তার বাবার কাছ থেকে সংগ্রহকৃত ডিকশিনারিটি হস্তান্তর করেন।

Advertisement

আরকাইভস ও গ্রন্থাগার অধিদফতরের সংগ্রহ শাখার দায়িত্বে থাকা মিজানুর রহমান বইমেলার এই স্টলের দায়িত্বে রয়েছেন। তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, ডিকশিনারিটি বিক্রির জন্য নয়। এটি মূলত প্রদর্শনীর  জন্য এখানে নিয়ে আসা হয়েছে। আমরা এটি কাউকে স্পর্শ করতে দিই না। এটি দেখার জন্যই আনা। আমাদের এক কলিগ এটি ন্যাশনাল লাইব্রেরিতে দান করেছেন, এটি উনার বাবার সংগ্রহে ছিল।

ডিকশনারিটির রচয়িতা, পৃষ্ঠা এবং কতটি শব্দ রয়েছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সুনির্দিষ্ট ভাবে কতটি পৃষ্ঠা, শব্দ এবং এর রচয়িতা সম্পর্কে বলা সম্ভব নয়। কেননা শুরু থেকেই এই ডিকশনারিটি কাঁচের আবদ্ধ গ্লাসে মোড়ানো। তবে, বইয়ের মলাট ও ভেতরের পাতাতে লেখকের পরিচিত সম্পর্কে বিস্তারিত তথ্য এবং অন্যান্য তথ্য থাকতে পারে।

এবারের মেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ৩৭টি (একাডেমি প্রাঙ্গণে একটি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি) প্যাভিলিয়ন রয়েছে।

এবার লিটল ম্যাগাজিন চত্বর স্থানান্তরিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়। সেখানে প্রায় ১৭০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অমর একুশে বইমেলা চলবে ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত। ছুটির দিন ব্যতীত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা । এছাড়া রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!