পয়লা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস আজ। তাই বসন্তের বার্তা দেখা গেছে বাংলা একাডেমি প্রাঙ্গণে মাসব্যাপী অমর একুশে বইমেলায় আসা পাঠক-দর্শকদের পোশাক-সাজসজ্জাতেও। এসময়ে বইমেলাও জমে উঠেছে।
মঙ্গলবার মৃদুমন্দ বাতাসে বাসন্তী সাজে ঘুরে বেড়িয়েছেন বহু তরুণ-তরুণী। সোহ্রাওয়ার্দী উদ্যানের বইমেলার স্টল ঘুরে দেখেন তারা। কেউ কেউ পরিবার ও বন্ধুদের নিয়ে মেলায় এসেছেন।
.png)
বইপ্রেমীদের আনাগোনা আর ঘোরাফেরায় মুখরিত হয়ে ওঠেছে মেলা প্রাঙ্গণ। কেউ বই কিনছেন, কেউ হাতে নিয়ে দেখছেন আবার কেউবা প্রিয় লেখকের বই কবে আসবে খোঁজ নিচ্ছেন।
মেলার ঘুরে বেড়ানো একদল তরুণ-তরুণীর সঙ্গে কথা হয়। তরুণীরা পড়েছেন বাসন্তী রঙের শাড়ি। আর তরুণরা হলুদ পাঞ্জাবি। তারা বইমেলায় এসেছেন নিজের জন্য ও প্রিয়জনদের বই উপহার দেওয়ার জন্য।
রাজধানীর উত্তরা থেকে বইমেলায় এসেছেন বেসরকারি চাকরিজীবী সান্ত্বনা ইসলাম। সঙ্গে দুই কন্যাকে রয়েছে। সবাই সেজেছেন বসন্তের সাজে। মেলা কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, আজ একই সঙ্গে পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস। সুযোগ পেলাম, চলে এলাম। খুব ভালো লাগছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হাসান বলেন, বইমেলা আমাদের কাছে উৎসব। আর এই উৎসবের মাঝে আরো দুটি উৎসব ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন। সবগুলো উৎসব একসঙ্গে পালন হয়ে যাচ্ছে। তাই আজ লাল পাঞ্জাবি পরে এসেছি।