ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বইমেলায় আব্দুল্লাহ আল মুক্তাদিরের গল্প সংকলন ‘দুনিয়া’

আহসান হাবীব, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২:৪৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
বইমেলায় আব্দুল্লাহ আল মুক্তাদিরের গল্প সংকলন ‘দুনিয়া’
আব্দুল্লাহ আল মুক্তাদিরের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘দুনিয়া’। ছবি: ডেইলি বাংলাদেশ

অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মুক্তাদিরের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘দুনিয়া’। চন্দ্রবিন্দু প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছে। প্রচ্ছদ একেছেন রাজীব দত্ত। বইমেলায় ৬৫ ও ৬৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

বইটি সম্পর্কে আব্দুল্লাহ আল মুক্তাদির বলেন, ‘২০২০ এর জুলাই থেকে ২০২২ এর মার্চ পর্যন্ত লেখা ১০টি গল্পের সংকলন ‘দুনিয়া’। এটি আমার পঞ্চম বই, তৃতীয় ফিকশন। কাহিনীগুলো আসলে আমাদের জীবনের অনিবার্য জটিলতাগুলোকে সহজ করে বলতে চেয়েছে। ন্যারেশন কখনও বাস্তবধর্মী, কখনও ফ্যান্টাসিনির্ভর আবার কোনো কোনো সময় দুইটার কোনটাই না। দুই জগতের মাঝামাঝি নতুন আরেকটা দুনিয়ার ছবি পাওয়া যায় বরং।’ 

বইটির ফ্ল্যাপে বলা হয়েছে, ‘অজস্র একলা আলাপের পর, বহুদিনের গভীর চিন্তার ফলে, মানুষটার মনে বেশ শক্ত একটা ধারণা জন্মেছে। তার বিশ্বাস দুনিয়া কেবল নিজে দেখার জিনিস, অন্য কাউকে কোনমতেই তা দেখানো সম্ভব না। কিন্তু উত্তর মিললেই তো আর প্রশ্ন নাই হয়ে যায় না। বরং এই উত্তর আরো জটিল, জমাট হয়ে নতুন নতুন জিজ্ঞাসার জন্ম দেয়। অস্থির মগজ আরো অস্থির হয়ে ওঠে। সবাই কি তার মতো নিজের দুনিয়া নিজে দেখে? একেকজনের দুনিয়া কি একেকরকম? প্রত্যেকেই কি দিনশেষে হতবাক, অসহায়? যতখানি যা দেখে, তার এক অক্ষরও কেউ মুখে প্রকাশ করতে পারে না?’

Advertisement

আব্দুল্লাহ আল মুক্তাদির -এর জন্ম সিরাজগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করে এখন শিক্ষকতা করছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে। দৈনিক সংবাদের সাহিত্য পাতায় ছোটগল্প ও কবিতা প্রকাশের মাধ্যমে আত্মপ্রকাশ ২০১০ সালে। 

তার অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘অন্য গাঙের গান, সমুদ্রসমান’ (২০১৬) ও ‘যুদ্ধ যুদ্ধ রুদ্ধ দিন’ (২০২০), গল্পগ্রন্থ ‘বছরের দীর্ঘতম রাত’ (২০১৯) ও উপন্যাস ‘গডেস অভ অ্যামনেশিয়া’ (২০২২)।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!