হাদির মৃত্যুর পর ইনকিলাব মঞ্চ দখলের দাবি রাশেদের
শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর পর জামায়াত-শিবিরের লোকজনকে দিয়ে ইনকিলাব মঞ্চ দখল করা হয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
.png)
রাশেদ খান পোস্টে অভিযোগ করেন, ইনকিলাব মঞ্চসহ অরাজনৈতিক নামে গড়ে ওঠা বিভিন্ন সংগঠনের বেশিরভাগই ‘গুপ্তদের’ নিয়ন্ত্রণে রয়েছে। তার দাবি, ওসমান হাদি মহৎ উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চ গঠন করেছিলেন। তবে তার মৃত্যুর পর জামায়াত-শিবির ‘আম্মারদের’ মাধ্যমে সংগঠনটির নিয়ন্ত্রণ নেয়।
পোস্টে জামায়াত-শিবিরের বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ তুলে রাশেদ খান বলেন, তারা আম্মার-নাসিরদের মতো ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে এবং পরে তাদের বিরুদ্ধে অবস্থান নেয়।
তিনি আরও বলেন, এসব ব্যক্তির পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা সামনে আসায় শিবিরও তাদের দায় নিচ্ছে না। ভবিষ্যতে সাধারণ পরিচয়ে কেউ অস্বাভাবিক আচরণ বা বক্তব্য দিলে তার রাজনৈতিকভাবে জবাব দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খানের এসব বক্তব্য তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে দেওয়া দাবি ও মন্তব্য। এ বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।