ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]
সিটি করপোরেশন নির্বাচন

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫০, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী
সিটি করপোরেশন নির্বাচনে ডিএনসিসির মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডিএসসিসি নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা করেছে এসসিপি।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে উত্তরের (ডিএনসিসি) মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এবং দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার বিকালে বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সমন্বয় সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন বলে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের নিয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। দলের প্রধান নাহিদ ইসলাম ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা, জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা এবং আওয়ামী লীগের ‘নাশকতামূলক তৎপরতার’ প্রতি কড়া নজরদারি রাখার নির্দেশনা দেন।

ঘোষিত দুই মেয়র পদপ্রার্থী এনসিপির মুখপাত্র আসিফ ও মুখ্য সমন্বয়ক পাটওয়ারীও সভায় উপস্থিত ছিলেন। 

Advertisement

এর আগে গত ৭ সেপ্টেম্বর এনসিপির মিডিয়া কমিটির সদস্য ইয়াসির আরাফাত জানান, ঢাকা দক্ষিণ সিটি থেকে ভোটার এলাকা পরিবর্তন করে আসিফ ঢাকা উত্তর সিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। অন্যদিকে ঢাকা উত্তর সিটি থেকে ভোটার এলাকা পরিবর্তন করে নাসীরুদ্দীন গেছেন ঢাকা দক্ষিণ সিটিতে।

সবশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হয়েও ভোট দিতে পারেননি নাসীরুদ্দীন পাটওয়ারী; কারণ সেই সময় তিনি ওই এলাকার ভোটার ছিলেন না। অন্যদিকে আসিফ মাহমুদ সংসদ নির্বাচনের আগেই কুমিল্লা থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা-১০ আসনে ভোটার হয়েছিলেন; তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থী হননি। সংসদ নির্বাচনে যেকোনো আসনে ভোটার হলেই প্রার্থী হওয়ার সুযোগ থাকলেও স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে হলে তাকে সংশ্লিষ্ট এলাকায় ভোটার হতে হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!