ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

বাড়িতেই তৈরি করুন ‘সুগন্ধি মোমবাতি’

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:২৪, ২৮ ডিসেম্বর ২০১৯
বাড়িতেই তৈরি করুন ‘সুগন্ধি মোমবাতি’
ছবি: সংগৃহীত

বছরের শেষে এসে বড়দিনের সঙ্গে সঙ্গে গোটা বিশ্ব তৈরি হচ্ছে নতুন বছরকে বরণ করে নিতে। এ সময় চারদিক আলোকিত থাকে বিভিন্ন রঙ বেরঙের আলোতে।

এবারের উৎসব উৎযাপনে দোকান থেকে কেনা আলোতে নয়, আপনার বাড়ি সেজে উঠুক হাতে তৈরি সুগন্ধি মোমবাতিতে। এছাড়াও সারাবছর শোপিস হিসেবেও ব্যবহার করতে পারবেন এ মোমবাতি। বাড়ির বারান্দা, খাওয়ার টেবিল, ক্রিসমাস ট্রি-র নিচটা সেজে ওঠবে হাতে তৈরি সুগন্ধি মোমবাতিতে। খুব বেশি ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন সুগন্ধি মোমবাতি। জেনে নিন পদ্ধতি-

যা যা লাগবে
সাদা মোম, লাল মোম বা মধু মোম, এসটারিক অ্যাসিড, প্রয়োজনীয় রঙ, সলতের জন্য পাকানো মোটা সুতা, পেট্রোলিয়াম জেলি বা সাধারণ তেল, ছাঁচের জন্য মোটা কাগজ বা মোটা কাগজের বাক্স আর সুগন্ধি তেল।

মোম তৈরির পদ্ধতি
প্রথমেই মোমবাতি যে আকারের বানাতে চান সে অনুযায়ী মোটা কাগজ দিয়ে ছাঁচ তৈরি করে রাখুন। মোটা কাগজের তৈরি বাক্স থাকলে সেটিও ব্যবহার করতে পারেন। এরপর ছাঁচের ভেতরের দিকে পেট্রোলিয়াম জেলি বা তেলের প্রলেপ দিন। মোমবাতির জন্য যে সুতা ব্যবহার করবেন সেই সুতা ছাঁচের চেয়ে কিছুটা বেশি পরিমাণে রেখে কাটুন। এই সুতার এক প্রান্ত চিকন শক্ত কাঠির সঙ্গে বেঁধে নিন। সুতার শেষ মাথায় ভারী কোনো বস্তু বেঁধে ছেড়ে দিন। এবার কাঠিসহ সুতাটি ছাঁচের ওপর আড়াআড়ি ভাবে বসান। খেয়াল রাখুন কাঠিটি যেন ছাঁচের ঠিক মাঝ বরাবর অবস্থান করে। এরপর ছাঁচের আকার অনুযায়ী মোম ঢাললেই মোমবাতি তৈরি হবে।

সুগন্ধি মোম তৈরির পদ্ধতি
সাদা মোম যতটুকু নেবেন তার চার ভাগের এক ভাগ নেবেন মধু মোম। এর সঙ্গে এসটারিক অ্যাসিড নিন মোট মোমের পরিমাণের ২০ ভাগ। এই অ্যাসিড এই কারণে ব্যবহার হয় যাতে মোমের রঙ নষ্ট না হয় এবং মোম যাতে ধীরে জ্বলে। মোমের সব উপকরণ একসঙ্গে একটি পাত্রে নিয়ে জ্বাল দিন। মোম গরম হলে এতে রঙ এবং সুগন্ধি তেল দিয়ে নেড়ে দিন। মোম সম্পূর্ণরূপে গলে গেলে চুলা থেকে নামিয়ে ফেলুন এবং কিছুক্ষণ বাতাসে রেখে ঠাণ্ডা করুন। তারপর এই তরল মোম সাবধানে ছাঁচের মধ্যে ঢালুন। ঢালা হয়ে গেলে বাতাসে রেখে এটাকে ঠাণ্ডা হতে দিন। ফ্রিজে রেখেও ঠাণ্ডা করতে পারেন। মোম একদম জমে গেলে সাবধানে ছাঁচ থেকে বের করে নিন। এভাবে এক রঙের মোমবাতি খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। মোম গলিয়ে ঢালার সময় ছাঁচে শুকনা ফুলের পাপড়ি দিতে পারেন। গোলাপ, ল্যাভেন্ডার জাতীয় পাপড়ি,পাতা দারুণ মানায়। এছাড়াও অভ্র, ঝিনুক, কড়ি, নুড়িও মেশাতে পারেন মোমের মধ্যে।

ডেইলি-বাংলাদেশ/এএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!