৯ রানের টার্গেট দিয়ে ১০ উইকেটে হারলো ভারত
টানা সাত টেস্ট জিতে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে খেলতে নেমেছিলো ভারত। অপরদিকে স্বাগতিক নিউজিল্যান্ড পরপর তিনটি ম্যাচ হেরে মাঠে নামে। উইলিয়ামসনেদের বিপক্ষে কোহালিদের ফেভারিট হিসাবে ধরেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু ওয়েলিংটনে খারাপ বোলিং এবং ততোধিক লজ্জার ব্যাটিংয়ের ফলস্বরূপ মুখ থুবড়ে পড়লো টিম ইন্ডিয়া। ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিতে একশোতম টেস্ট ম্যাচ জয় স্মরণীয় করে রাখলো নিউজিল্যান্ড। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো তারা।
সফরকারী ভারত চতুর্থদিনের শুরুটা করেছিল স্বাগতিকদের চেয়ে ৩৯ রান পিছিয়ে থেকে। হাতে ছিলো ৬ উইকেট। আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী এবং রিশাভ পান্ট থাকায় তখনো লড়াইয়ের আশা দেখছিলো ভারত।
কিন্তু বুমরা-শামিদের সুইং যত সহজে সামলে দিয়েছিলেন স্বাগতিকরা, চতুর্থ দিনের সকালে বোল্ট-সাউদিদের সুইংয়ে ততোটাই বিধ্বস্ত হলেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা।
বোল্টের বলে প্রথমে ফেরেন রাহানে (২৯)। স্কোরবোর্ডে এক রান না বাড়িয়েই পরের ওভারেই ফেরেন হনুমা বিহারী (১৫)। এরপর শুধু মাত্র আসা যাওয়ার মিছিল। আশা দেখানো রিশাভ ফেরেন মাত্র ২৫ রান করে। শেষের দিকে ইশান্ত শর্মা, বুমরাহরা ন্যূনতম প্রতিরোধ গড়তেক না পারলে ৪৬ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় ভারত।
ভারতকে ধসিয়ে দিয়ে টিম সাউদি নেন উইকেট। ট্রেন্ট বোল্ট শিকার করেন চার উইকেট। জেতার জন্য মাত্র ৯ রান টার্গেট পায় কিউইরা। মাত্র ২ ওভারেই তা তুলে ফেলে স্বাগতিকরা। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন টিম সাউদি।