ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শাকিল হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি করেন ছাত্রদল সভাপতি

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৩, ২৯ অক্টোবর ২০২৬
শাকিল হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি করেন ছাত্রদল সভাপতি
নিহত শাকিলের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন ছাত্রদল সভাপতি রাকিব।

নাটোরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল আসামিসহ নেপথ্যের নির্দেশদাতাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২৬) বিকেলে নাটোরে গুরুদাসপুর সফরে গিয়ে নিহত শাকিলের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে তিনি এ দাবি জানান।

বক্তব্য প্রদানকালে ছাত্রদল সভাপতি স্পষ্ট ভাষায় বলেন, "শাকিল ইসলাম হত্যাকাণ্ডের সাথে যে বা যারা জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে অবশ্যই দ্রুততম সময়ে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই হত্যাকাণ্ডে প্রবাসীর পাশাপাশি স্থানীয় এমপির ছেলেও সন্দেহের বাইরে নয়। যদি তার বা অন্য কারও কোনো সম্পৃক্ততা পাওয়া যায়, তবে তাকেও আইনের মুখোমুখি হতে হবে।"

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা নির্দেশদাতাদের যুক্তরাষ্ট্র বা যেখান থেকেই হোক দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় দাঁড় করাতে হবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং শাকিল হত্যার বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ শাকিল হত্যার ন্যায়বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেন।

ডেইলি-বাংলাদেশ/নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!